ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: মার্কিন সিনেটর মারফি

ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: মার্কিন সিনেটর মারফি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই চলমান যুদ্ধ ওয়াশিংটনকে দুর্বল করে দিচ্ছে আর তেহরানকে করছে শক্তিশালী।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি ‘খারাপ চুক্তিকেও’ সমর্থন করবেন তিনি। তার মতে, আলোচনা স্থবির থাকায় এই কৌশলগত জলপথ পুনরায় খোলার খরচ বাড়ছে।

বিজ্ঞাপন

মারফি বলেন, ‘যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ যুদ্ধ যত দিন চলবে, যুক্তরাষ্ট্র তত দুর্বল হবে, ইরান তত শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তত বেশি ভোগান্তিতে পড়বে। কারণ দ্রব্যমূল্য ক্রমেই বাড়ছে।’

এই মার্কিন আইনপ্রণেতা আরো বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দে তিনি বিরোধিতা করবেন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার অর্থায়নকে তিনি সমর্থন করবেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে, ওয়াশিংটন তেহরানের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন