পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলের বিরজেইত বিশ্ববিদ্যালয় থেকে ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক আটক এক মার্কিন নাগরিকের মুক্তি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
আটক ওই শিক্ষার্থীর নাম সামা সাফি (২০)। তিনি চারজন শিক্ষার্থীর মধ্যে একজন, যাদের ইসরাইলি সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করেছে।
এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, “ইসরাইলি নিরাপত্তা বাহিনী ভোর ৩টার দিকে তার বাসায় আসে এবং কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে নিয়ে যায়। সে তাদের জানিয়েছিল যে সে একজন মার্কিন নাগরিক, কিন্তু তারা তা উপেক্ষা করে।”
তিনি আরও বলেন, “আমি সত্যিই ক্লান্ত এবং বিরক্ত ইসরাইলি সরকার, নেতানিয়াহু সরকারের আচরণে—যারা মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে এবং এরপর মার্কিন নাগরিকদের সঙ্গে এ ধরনের আচরণ করে।”
সিনেটর আরও অভিযোগ করেন, অতীতে ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর হাতে মার্কিন নাগরিকরা নিহত হলেও কোনো জবাবদিহিতা হয়নি।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি শিক্ষার্থীদের এই ধরনের গ্রেপ্তার একটি “ভীতি প্রদর্শনমূলক অভিযান”-এর অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনি সম্প্রদায়কে চাপের মধ্যে রাখা।
তবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


