ইরানে চলমান সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে ও ‘নির্ধারিত সময়ের আগেই’ এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রোববার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইসরাইল-যুক্তরাষ্ট্রের একটি মাত্র হামলাতেই ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, এক আঘাতেই ৪৮ জন (ইরানি) নেতা খতম হয়ে গেছেন এবং ইরানে এই অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই সাফল্য কেউই বিশ্বাস করতে পারবে না।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটির নতুন নেতৃত্ব কথা বলতে চেয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তিনিও এতে রাজি হয়েছেন।
সিএনবিসি-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবেই চলছে, এমনকি আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে। আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।
এমএস নাও-এর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

