মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান মধ্যপ্রাচ্যে সহিংসতা ও সংঘাত বাড়িয়ে তুলছে বলে তারা মনে করে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে লিমা।
পেরু বিশেষভাবে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার বিষয়টি উল্লেখ করেছে। দেশটির দাবি, ২০২৬ সালের মার্চ থেকে ওই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব জ্বালানি তেলের দাম এবং বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থার ওপরও পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে দেশটি।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিধিনিষেধ, নারী ও মেয়েদের প্রতি বৈষম্য এবং রাজনৈতিক বিরোধীদের ওপর নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে জাতিসংঘের বিভিন্ন ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে পেরু। দেশটির মতে, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিকভাবে যাচাই করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার সম্পর্ক পুরোপুরি বন্ধ করবে না পেরু। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের নাগরিকদের সুরক্ষা ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করতে এই সম্পর্ক বজায় থাকবে।
ইরানের সঙ্গে পেরুর সরাসরি দূতাবাসভিত্তিক সম্পর্ক না থাকায় সিদ্ধান্তটি ইকুয়েডারে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে তেহরানকে জানানো হয়েছে। ওই দূতাবাসই পেরুর জন্য ইরানের কনকারেন্ট মিশন হিসেবে দায়িত্ব পালন করে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে পেরুর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে তেহরানের ওপর বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই ও আনাদুলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


