অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেলেও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে ম্যাকাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাতি পেসার। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শরিফুলও।
ম্যাকাইয়ে অনুশীলনের আগে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম টেস্টে খেলতে না পারার বিষয়টি নিয়ে শরিফুল বলেন, নিজেকে দুর্ভাগা মনে করছেন না তিনি। বরং মাঠের বাইরে থেকেও সতীর্থদের জন্য শুভকামনা করেছেন।
শরিফুল বলেন, ‘যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি। যারা খেলছে, তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি, বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি। আপনারাও মনে হয় অনেক বেশি খুশি হয়েছেন, এত বড় একটা জয় দেখতে পেরেছেন।’
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশের পেসারদের প্রশংসা পাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন শরিফুল। বিশেষ করে নাহিদ রানার সঙ্গে তাকেও নিয়ে অস্ট্রেলিয়ানদের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নিয়ে ভালো কথা বলে, এটা ভালো সাইন আমাদের জন্য।’
প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টেও শরিফুলকে ঘিরে প্রত্যাশা রয়েছে। তবে ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেননি তিনি। নিজের প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসী এই পেসার।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শরিফুলের বক্তব্য অবশ্য স্পষ্ট। তিনি বলেন, ‘অবশ্যই, কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।’
এদিকে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও যোগাযোগ হয়েছে শরিফুলের। ইনজুরি কাটিয়ে ফেরায় তাকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড। শরিফুল জানান, ‘উনি পার্সোনালি এসএমএস দেন সবাইকে। আমাকেও দিয়েছেন। বলেছেন, “ইনজুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।’
আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ডারউইনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে সেখানেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

