যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কল্যাণকর নয়।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জো কেন্ট বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন বা তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি। তার মতে, মার্কিন প্রেসিডেন্টের যথেষ্ট রাজনৈতিক ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তিনি মার্কিন জনগণের কাছে এই যুদ্ধের অবসানের ঘোষণা দিতে পারেন।
ইরানের বিরুদ্ধে অকারণ আগ্রাসন শুরু করার ক্ষেত্রে ইসরাইলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পেছনে ট্রাম্প প্রশাসনে ইসরাইলের প্রভাব এবং সংঘাতে অংশ নেওয়ার জন্য তেলআবিবের ওয়াশিংটনের ওপর চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই মার্কিন কর্মকর্তা বলেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে তাদের কয়েকটি সামরিক ঘাঁটি খালি করতেও বাধ্য হতে হয়েছে।
তিনি আরো বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানকে এমন সুযোগ করে দিয়েছে যে, তারা চাইলে যে-কোনো সময় মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে।
এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জো কেন্ট। তিনি বলেন, ওয়াশিংটন কার্যত নিজেদের সেনাদের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছে।
দখলদার ইসরাইলের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষকে সহযোগিতা করা উচিত নয়, যারা ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও প্রভাব বিস্তারের তৎপরতায় জড়িত।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


