যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিতব্য এই আলোচনায় ইসরাইলের পক্ষে দেশটির যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একজন কট্টর ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের বসতি স্থাপন আন্দোলনের সঙ্গে যুক্ত।
অন্যদিকে লেবাননের প্রতিনিধিত্ব করছেন ওয়াশিংটনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ। আলোচনায় লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ইসাও অংশ নিচ্ছেন।
এই বৈঠকের আগে সপ্তাহের শেষে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
লেবাননে ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যে আগ্রাসনে ২,০০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অগ্রসর হচ্ছে এবং রাজধানী বৈরুতেও একাধিকবার হামলা চালিয়েছে।
তবে ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না। অন্যদিকে হিজবুল্লাহ সরাসরি ইসরাইলের সঙ্গে লেবাননের আলোচনার বিষয়টিও প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

