মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর বাতিল করেছেন। এই সফরের মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার নতুন দফা শুরু হওয়ার কথা ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ইসলামাবাদে একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল। তবে ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করে এই সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন, ইসলামাবাদে ইরানি পক্ষ একটি নথি দিয়েছে, যেখানে কিছু প্রস্তাব ছিল। কিন্তু তার মতে, সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক নয়।
তিনি আরও বলেন, এমন একটি আলোচনার জন্য শীর্ষপর্যায়ের প্রতিনিধি পাঠানো যৌক্তিক হতো না, যেখানে ফলাফল নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয় বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে এবং ইরান চাইলে নতুন করে আলোচনায় ফিরতে পারে। তার ভাষায়, ইরান যোগাযোগ করতে চাইলে সহজেই তা করা সম্ভব।
সফর বাতিলের এই সিদ্ধান্তের ফলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দফা আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

