চলমান ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাকে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, নতুন এই উদ্যোগ ইসরাইলের ‘অপ্রতিদ্বন্দ্বী আকাশসামরিক শ্রেষ্ঠত্ব’ আরও সুদৃঢ় করবে।
রোববার সকালে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটি নতুন করে এফ-৩৫আই স্টেলথ ফাইটার জেট এবং এফ-১৫আইএ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন কেনার পরিকল্পনা নিয়েছে। এই ক্রয় পরিকল্পনা ভবিষ্যৎ প্রতিরক্ষা বাজেট বড় পরিসরে বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ঘোষণা দেন, আগামী এক দশকে ইসরাইল তার প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত ৩৫০ বিলিয়ন শেকেল (প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার) যোগ করবে। একই সঙ্গে তিনি জানান, বিদেশি অস্ত্র নির্মাতাদের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে দেশটি দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির দিকেও এগোবে।
তিনি আরও বলেন, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইলে ড্রোন হুমকি মোকাবিলায় সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। তবে এই চ্যালেঞ্জ দ্রুত সমাধান সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি।
নেতানিয়াহুর ভাষায়, ড্রোন প্রতিরোধে সময় লাগবে, তবে সরকার ইতোমধ্যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে।
সূত্র: সিএনএন
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



