আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণার রায় বাতিল ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণার রায় বাতিল ট্রাম্পের
ছবি: সংগৃহীত।

গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এমন একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সিদ্ধান্ত দিয়েছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সরকারিভাবে ঘোষিত সেই সিদ্ধান্তকে বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে এ ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী বলে বিবেচিত গ্যাসগুলোর নিঃসরণ কমাতে ওবামা প্রশাসন কেন্দ্রীয়ভাবে যেসব পদক্ষেপ ঘোষণা করেছিল, তা বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার ওভাল অফিসে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ২০০৯ সালের রায় ছিল একটি বিপর্যয়কর ওবামা আমলের নীতি, যা আমেরিকান অটোশিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এবং আমেরিকান গ্রাহকদের জন্য গাড়ির দাম ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছিল।

২০০৯ সালে ‘এনডেঞ্জারমেন্ট ফাইন্ডিং’ নামে সরকারিভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল, বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। কার্বন নির্গমন নিয়ন্ত্রণে, বিশেষ করে যানবাহন থেকে এই গ্যাস নির্গমন বন্ধ করতে ওই সিদ্ধান্ত ফেডারেল সরকারের উদ্যোগগুলোর আইনি ভিত্তি হিসেবে কাজ করত।

হোয়াইট হাউস এই সিদ্ধান্ত প্রত্যাবর্তনকে ‘আমেরিকার ইতিহাসের বৃহত্তম নিয়ন্ত্রণমুক্তি’ বলে অভিহিত করেছে। বলেছে, এর ফলে গাড়ির দাম কমবে। গাড়ি প্রস্তুতকারকদের জন্য গাড়ির দাম প্রায় দুই হাজার ৪০০ ডলার কমবে।

এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই সিদ্ধান্ত বাতিল করা আমেরিকানদের আরো স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘পূর্বের আইন ছাড়া আমরা কম নিরাপদ, কম স্বাস্থ্যকর, এমনকি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সক্ষমতা হারাব।’

এদিকে পরিবেশবাদী সংস্থাগুলোর দাবি, এটি জলবায়ু পরিবর্তনের ওপর সবচেয়ে উল্লেখযোগ্য নেতিবাচক পদক্ষেপ। এর বিরুদ্ধে আইনি লড়াই করবে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...