যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ফোনে কথা বলেছেন।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন: "উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।"
"তারা একমত হয়েছেন যে, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা অপরিহার্য।"
ফোনালাপের বিষয়ে ডাউনিং স্ট্রিট আরো জানায়, ট্রাম্প গতকালই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন, তার কিছু পরই ফোনে কথা বলেন দুই নেতা।
ফোনালাপটি ২০ মিনিট স্থায়ী ছিল এবং তাদের মধ্যকার আলাপ 'গঠনমূলক' ছিল বলে জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী পরে চ্যান্সেলর র্যাচেল রিভস, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং অন্যদের নিয়ে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিষয়ে একটি 'কোবরা' বৈঠক করেন।
শনিবার রাতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "ধ্বংস করে দেবে" বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প, এবং বলেন 'সবচেয়ে বড়টি দিয়েই তা শুরু হবে'।
এদিকে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ বলছে যে তারা ইরান ও হেজবুল্লাহর বিরুদ্ধে 'আরও কয়েক সপ্তাহ লড়াই' চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আইডিএফ লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও বাড়ানোর পরিকল্পনার অনুমোদনও ঘোষণা করেছে, যা একটি পূর্ণমাত্রার স্থল অভিযানের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

