ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধে প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধে প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের
ফাইল ছবি

ইরানকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি নৌ অবরোধের জন্য প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইরানে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু ও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা সমাপ্তের বদলে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক চাপের কৌশল নিতে চাচ্ছেন তিনি। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন চুপচাপ কেটে পড়া বা নতুন করে যুদ্ধ শুরুর বদলে অবরোধের কৌশল কম ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন-ইসরাইলি জোটের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনিসহ উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। কিন্তু আগ্রাসন থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় মার্কিন-ইসরাইলি জোট। এর বিপরীতে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অঞ্চলে পাল্টা হামলা চালায় ইরান। এছাড়া আগ্রাসনের জবাবে কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

৪০ দিনের সংঘর্ষের পর ৭ এপ্রিল দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। পরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুদেশের প্রতিনিধিদলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বৈঠক হয়। কিন্তু তা মীমাংসা ছাড়াই শেষ হয়ে যায়। এরপরই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা চার্লসের সম্মানে গত মঙ্গলবার রাষ্ট্রীয় ভোজে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ‘ভালো’ করছে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য নিয়ে আমরা একটু কাজ করছি। আমরা সেখানে ভালো করছি। আমরা সে নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি এবং তাদের আমরা আর দাঁড়াতে দেব না। চার্লসও আমার সঙ্গে একমত হয়েছেন, ওই প্রতিপক্ষকে আমরা কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেব না।’

ইরানের কাছ থেকে পাকিস্তানের মাধ্যমে পাওয়া যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাবনায় অসন্তুষ্ট ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে কিছু উল্লেখ না থাকায় ট্রাম্প তা পছন্দ করেননি।

প্রস্তাব অনুসারে প্রথম ধাপে যুদ্ধ বন্ধ করা হবে এবং প্রতিশ্রুতি থাকবে তা আর নতুন করে শুরু হবে না। এরপর হরমুজ প্রণালি খুলে দেওয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ তুলে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারীদের সহায়তার মীমাংসা হবে। এরপরই পরমাণু প্রকল্পসহ অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হবে।

ইসরাইলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যা : হারেৎজ

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনীর মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে। এছাড়া বিপুল সেনাকে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দেওয়া হচ্ছে। বুধবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১০ জন ডিউটিরত সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে শুধু এপ্রিলেই ছয়জন আত্মহত্যা করেছেন। এছাড়া এপ্রিলে দায়িত্ব পালন সম্পন্নের পর তিন রিজার্ভিস্ট সেনা ও দুই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

যুদ্ধের মধ্যে ইরানে ২১ মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ

জাতিসংঘের অধীন হিউম্যান রাইটস অফিস জানিয়েছে, যুদ্ধের মধ্যে ইরানে ২১ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া আরো চার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সংস্থাটির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে অন্তত ৯ জন জানুয়ারিতে বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন। ১০ জনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংযোগের অভিযোগ আনা হয়। অন্যদিকে দুজনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...