কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবারের আগের রাতে দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার গভীর রাতে প্রবল বাতাসের কারণে বাল্ড রেঞ্জ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা সামারল্যান্ড এলাকায় পৌঁছে যায় এবং আশপাশের উপত্যকাগুলোর বিভিন্ন জনপদেও এর প্রভাব পড়ে।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি শনিবার এক বিবৃতিতে বলেন, দাবানলে বেশ কিছু বাড়িঘর ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় কিছু মানুষও আটকা পড়েছিলেন বলে জানান তিনি।
এবি বলেন, আগুনের বেষ্টনীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের উদ্ধারে আকাশপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতিবিষয়ক মন্ত্রী কেলি গ্রিন পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
সিটিভি নিউজ জানিয়েছে, আগুন দ্রুত এগিয়ে আসায় ফল্ডার এলাকার ৫০ জনেরও বেশি মানুষকে আকাশপথে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবানল মোকাবিলায় নিয়োজিত অগ্নিনির্বাপক কর্মী ও প্রথম সারির জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, মানুষকে নিরাপদ রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কার্নি আরও বলেন, ব্রিটিশ কলাম্বিয়া সরকারকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা দিতে ফেডারেল সরকার প্রস্তুত রয়েছে। যারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের কথা তিনি ভাবছেন এবং দ্রুত নিরাপদে বাড়ি ফেরার আশা করছেন।
শুক্রবার সন্ধ্যার শুরুতে প্রথম দাবানলের খবর পাওয়া যায়। শনিবারও আগুন অত্যন্ত সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন প্রিমিয়ার এবি। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


