হলিউডের বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহেও উত্তর আমেরিকার বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। শুক্রবার একাই যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটির আয় হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। সপ্তাহান্ত শেষে আয় প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। মুক্তির প্রথম দিনে উত্তর আমেরিকার ৩ হাজার ৪৪৬টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৮১ লাখ ডলার।
প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির আয় প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারে দাঁড়াতে পারে। ৮ কোটি ডলারের বেশি বাজেটের সিনেমাটির জন্য এই সূচনা প্রত্যাশার তুলনায় কিছুটা দুর্বল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে বক্স অফিসে ধীরগতির শুরু হলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। রটেন টমেটোসে সিনেমাটির স্কোর ৮৪ শতাংশ এবং সিনেমাস্কোরের দর্শক জরিপে পেয়েছে ‘বি’ গ্রেড। ফলে পরবর্তী সপ্তাহগুলোতে দর্শক ধরে রাখতে পারলে সিনেমাটি আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে।
‘ইট ফলোজ’খ্যাত নির্মাতা ডেভিড রবার্ট মিচেল সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন। গল্পে দেখা যায়, শহরতলির একটি পরিবারের বসবাসের এলাকা হঠাৎ প্রাগৈতিহাসিক যুগে চলে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি ও জর্ডান অ্যালেক্সা ডেভিস।
এদিকে চলতি সপ্তাহান্তে মুক্তি পাওয়া ‘প প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার ৭৩ লাখ ডলার আয় করে বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে। প্যারামাউন্টের এই অ্যানিমেটেড পারিবারিক সিনেমাটি সপ্তাহান্তে প্রায় ২ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তৃতীয় সপ্তাহে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর আয় আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কমলেও শীর্ষস্থান ধরে রাখতে তা যথেষ্ট হয়েছে। চলতি সপ্তাহান্তের আয় যোগ হলে উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির মোট আয় প্রায় ৭৮ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাতে পারে।
অন্যদিকে বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি পঞ্চম সপ্তাহান্তের শুক্রবারে আরও ৬৫ লাখ ডলার আয় করেছে। সপ্তাহান্ত শেষে এর আয় প্রায় ২ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাতে পারে। এতে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় প্রায় ৫০ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


