হরমুজ প্রণালিতে কর্তৃত্ব ধরে রেখেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই সরু প্রণালি হয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। বিশ্বের মোট জ্বালানি তেল এবং সমুদ্রপথে পরিবহন হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। কিন্তু এখন এই জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে হু হু করে বাড়ছে তেলের দাম। পাশাপাশি ইউরোপে গ্যাসের দামও বাড়ছে।
দাম বেড়ে যাওয়ার এই চাপ গিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর, যিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেন। বেকায়দায় পড়া ট্রাম্প শেষ পর্যন্ত মিত্রদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাদের কাছ থেকেও প্রত্যাশিত সাড়া মিলছে না। হরমুজ প্রণালির ওপর ইরানের একক কর্তৃত্বের কারণে একপ্রকার অসহায় হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট। খবর বিবিসি, জেরুজালেম পোস্ট ও আলজাজিরার।
যুদ্ধের ১৬তম দিনে এসে ট্রাম্প ইরানের ওপর আরো হামলার হুমকি দিয়েছেন। তিনি কোনো আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন। অন্যদিকে ইরানও কোনো ধরনের আলোচনায় রাজি নয় বলে জানায়। ফলে হামলা ও পাল্টা হামলার মধ্যে তৃতীয় সপ্তাহে গড়ানো এই যুদ্ধ আরো জটিল আকার ধারণ করেছে।
মিত্রদের দুয়ারে ট্রাম্প, সাড়া নেই কারো
শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের শত্রুদের জন্য বন্ধ থাকবে। এই প্রণালিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৬টি জাহাজ হামলার শিকার হয়েছে। ফলে অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারো আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তখনো উল্লেখ করার মতো সাড়া মেলেনি। এবারও তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না ওয়াশিংটনের মিত্রদের মধ্যে।
ট্রাম্পের আহ্বানের বিষয়ে টোকিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাপানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির যুক্তরাষ্ট্র সফরে এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছি।
চীনকেও হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, চীন অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। এই মুখপাত্র বেইজিং ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবে কিনা সে বিষয়ে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, স্থিতিশীল এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষের। তিনি আরো বলেছেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।
ফরাসি সরকারও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু শনিবার ট্রাম্পের আহ্বানের কয়েক ঘণ্টা পরে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়। এতে বলা হয়, বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। এটি অন্য কোথাও যাচ্ছে না। এই পদক্ষেপ আত্মরক্ষামূলক।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের অনুরোধ সাবধানতার সঙ্গে পর্যালোচনা করবে।
ইরানে হামলা অব্যাহত
ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শনিবার রাত ও গতকাল রোববার সকালে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে দেশটির রাজধানী তেহরানের দক্ষিণে গতকাল সকালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হামলা চালানো হয়েছে। আর শিরাজ শহরের এক বাসিন্দা জানান, রোববার সকালে শহরের কাছে ২০ মিনিটের মধ্যে প্রায় ২০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজগান প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়।
ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্য মতে, অপারেশন রোয়ারিং লায়ন অ্যান্ড এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬ হাজার জনেরও বেশি সদস্য নিহত এবং প্রায় ১৫ হাজার আহত হয়েছেন।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানান, আমাদের সামনে আরো হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুত আছি। অন্তত এখন থেকে প্রায় তিন সপ্তাহ পর আসা ইহুদি ধর্মীয় উৎসব ‘পাসওভার’ পর্যন্ত আমাদের পরিকল্পনা প্রস্তুত রয়েছে। আর এর পরের আরো তিন সপ্তাহের জন্যও আমাদের গভীরতর পরিকল্পনা আছে।
বাহিনীটি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম ও মধ্য ইরানে ৪০০টির মতো হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট রোববার জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এর ফলে তেল সরবরাহ পুনরায় বৃদ্ধি পাবে এবং জ্বালানির খরচ হ্রাস পাবে।
ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা
গতকাল ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরাইল জানিয়েছে, রোববার দুপুরে মধ্য ও দক্ষিণ ইসরাইলে হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন আহত হন। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্লাস্টার (গুচ্ছ) বোমার ওয়ারহেডযুক্ত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।
আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিজ ৪-এর অংশ হিসেবে রোববার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ৫৪তম প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে খায়বার-শেকান (খায়বার-বাস্টার), কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্রসহ দুই টনের ওয়ারহেড দিয়ে সজ্জিত অতি ভারী খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
দেশটি আরো দাবি করেছে, রোববার ইসরাইলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি ড্রোন ধ্বংস করেছে। তবে মধ্যপ্রাচ্যে হামলার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির অভিযোগ, শত্রু পক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তেহরানের ওপর চাপানো যায়।
এদিকে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে। এর আগে ইরাকের মার্কিন দূতাবাসও একই ধরনের নির্দেশনা দিয়েছিল।
ইরানের সঙ্গে সমঝোতায় প্রস্তুত নই : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সমঝোতায় রাজি নন জানিয়ে বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সঙ্গে একটি সমঝোতায় আসতে চায়। অন্যদিকে দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। বেশ কয়েকটি দেশ সংঘাতের অবসানের জন্য মধ্যস্থতার চেষ্টা করছে।
মার্কিন গণমাধ্যম এনবিসির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরান সমঝোতায় আসতে চাইলেও তিনি এতে আগ্রহী নন। কারণ যুদ্ধ অবসানের জন্য যেসব শর্তাদি দেখা যাচ্ছে, তাকে পর্যাপ্ত মনে করেন না তিনি। সম্ভাব্য সমঝোতায় অবশ্যই ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি থাকতে হবে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপটি পুরোপুরি ধ্বংস করেছে। মজা করার জন্য আমরা (যুক্তরাষ্ট্র) এ দ্বীপে আরো কয়েকবার হামলা চালাতে পারি।
এর আগে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল, যুদ্ধের সমাপ্তি কবে হবে তা নির্ধারণ করবে তেহরান।
এছাড়া ট্রাম্প ইতোমধ্যে বেশ কয়েকবার ইরানকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মজা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, গত দুই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ৯ বার আমাদের পরাজিত করেছেন, হাস্যকর!
নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন এবং হত্যার হুমকি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ খবর গুজব বলে জানিয়েছে তার দপ্তর। বিবৃতিতে জানানো হয়, তিনি ভালো আছেন।
পরবর্তী সময়ে ইসরাইলের এ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল আইআরজিসি বিবৃতিতে জানায়, আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।
লেবাননে ইসরাইলের উপর্যুপরি হামলা
ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। দেশটির সিডন শহরে হওয়া হামলায় হামাসের নেতা উইসাম তাহা নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় ৮৫০ জন নিহত হন এবং আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ।
পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায়, লেবাননের মাতৃভূমি এবং জনগণকে রক্ষায় ইসরাইলের অবৈধ বসতি, দখলদার বাহিনী এবং কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
এদিকে দুপক্ষের লড়াই থামাতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স ও জাতিসংঘ। তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, লেবানন সরকারের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

