ট্রাম্প প্রশাসনকে বিনা মূল্যে ১৪৭ কোটি টাকার আইনি সেবা দিয়েছে কার্কল্যান্ড অ্যান্ড এলিস

ট্রাম্প প্রশাসনকে বিনা মূল্যে ১৪৭ কোটি টাকার আইনি সেবা দিয়েছে কার্কল্যান্ড অ্যান্ড এলিস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ১ কোটি ১৮ লাখ ডলারের (বাংলাদেশের মুদ্রার প্রায় ১৪৭ কোটি ১৬ লাখ ৯ হাজার ৮৬০ টাকা) আইনি সেবা বিনা মূল্যে দিয়েছে দেশটির প্রভাবশালী আইনজীবী প্রতিষ্ঠান কার্কল্যান্ড অ্যান্ড এলিস। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের এক তদন্তে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, বড় আইনজীবী প্রতিষ্ঠানগুলোকে সরকারি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের পক্ষে বিনা মূল্যে আইনি সেবা দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান প্রতিনিধি পরিষদের সদস্য জেমি রাসকিন এবং সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও অ্যাডাম শিফ। তাদের মতে, কার্কল্যান্ড অ্যান্ড এলিসের এই বিনা মূল্যের আইনি সেবা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বড় আইনজীবী প্রতিষ্ঠানগুলোর ওপর নজিরবিহীন চাপ প্রয়োগের প্রমাণ।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন। এসব আদেশে নির্দিষ্ট কিছু আইনজীবী প্রতিষ্ঠানকে নিরাপত্তা ছাড়পত্র ও সরকারি চুক্তি পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগে তদন্তের হুমকি দেয় তার প্রশাসন।

এসব আদেশ ও তদন্তের পর কয়েকটি আইনজীবী প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যায়। এর অংশ হিসেবে তারা কোটি কোটি ডলারের আইনি সেবা বিনা মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

বিবৃতিতে তিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা বলেন, ‘সম্প্রতি আমরা উল্লেখযোগ্য ও গভীর উদ্বেগজনক কিছু তথ্য পেয়েছি। এতে দেখা যাচ্ছে, এই দুর্নীতিগ্রস্ত সমঝোতার পরিধি আমাদের প্রাথমিক ধারণার চেয়েও অনেক বেশি।’

তারা আরো ৯টি আইনজীবী প্রতিষ্ঠানের কাছে নথিপত্র চেয়েছেন। এসব প্রতিষ্ঠানও ট্রাম্প প্রশাসনের পক্ষে বিনা মূল্যে আইনি কাজ করেছে কি না, তা জানতে চান তারা।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের এপ্রিল থেকে ট্রাম্পের সঙ্গে ১০টি আইনজীবী প্রতিষ্ঠানের কোটি কোটি ডলারের বিতর্কিত চুক্তির বিষয়ে আইনপ্রণেতারা বারবার জবাব চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানই কোনো অর্থবহ জবাব দেয়নি। এমনকি চাওয়া তথ্যের সঙ্গে সম্পর্কিত একটি নথিও জমা দেয়নি।

তিন আইনপ্রণেতার মধ্যে জেমি রাসকিন বর্তমানে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য। রিচার্ড ব্লুমেনথাল সিনেটের স্থায়ী তদন্ত উপকমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য। আর অ্যাডাম শিফ ২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের নেতৃত্ব দিয়ে পরিচিতি পান।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ফলে তদন্ত তদারক এবং সাক্ষ্য ও নথিপত্র তলবের ক্ষেত্রে দলটির ক্ষমতা বাড়বে। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা। এই তিন আইনপ্রণেতা নতুন কংগ্রেসে বিভিন্ন তদন্তের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য অবস্থানে রয়েছেন।

কার্কল্যান্ড অ্যান্ড এলিসের সেবার খাতওয়ারি হিসাব

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর তারা কার্কল্যান্ড অ্যান্ড এলিসের বিনা মূল্যে আইনি সেবা দেওয়ার বিষয়ে তথ্য পান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়কে ৪০ লাখ ডলারের আইনি সেবা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পেয়েছে ২২ লাখ ডলারের সেবা। আর যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ পেয়েছে ১৬ লাখ ডলারের সেবা।

এ ছাড়া বিদেশে বিভিন্ন প্রকল্পে ঋণ ও উন্নয়ন সহায়তা দেওয়া মার্কিন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনকে ২০ লাখ ডলারের সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, আরো ১৮ লাখ ডলারের আইনি সেবা দেওয়া হয়েছে একটি ‘বিনিয়োগকারী সংস্থাকে’। ট্রাম্প প্রশাসন ও জাপানের মধ্যে আলোচনার মাধ্যমে গঠিত ওই সংস্থার লক্ষ্য ৫৫০ বিলিয়ন ডলারের একটি তহবিল তৈরি করা। আইনপ্রণেতারা এই তহবিলকে ‘স্লাশ ফান্ড’ হিসেবে উল্লেখ করেছেন। সাধারণত অস্বচ্ছভাবে অর্থ জমা ও ব্যবহারের তহবিলকে এ নামে অভিহিত করা হয়।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনজীবী প্রতিষ্ঠানগুলোর সমঝোতা

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সমান কর্মসংস্থান সুযোগ কমিশন (ইইওসি) কার্কল্যান্ড অ্যান্ড এলিসের নিয়োগপ্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করে। এর পরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যায় প্রতিষ্ঠানটি।

ইইওসির অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতি অনুসরণ করছে। শিক্ষা ও কর্মক্ষেত্রে কম প্রতিনিধিত্ব থাকা জনগোষ্ঠীর জন্য সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ নীতি চালু করা হয়।

তবে ট্রাম্প প্রশাসন ডিইআই নীতিকে বেআইনি বৈষম্য হিসেবে বিবেচনা করে। তাদের দাবি, এ নীতির কারণে পুরুষ ও শ্বেতাঙ্গরা বঞ্চিত হচ্ছেন।

তখন ইইওসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, ‘আমাদের দেশের অভিজাত আইনজীবী প্রতিষ্ঠানসহ যেখানেই বৈষম্য দেখা দেবে, তা দূর করতে ইইওসি প্রস্তুত।’

২০২৫ সালের ১১ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কার্কল্যান্ড অ্যান্ড এলিস ১২ কোটি ৫০ লাখ ডলারের বিনা মূল্যের আইনি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ইইওসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত বন্ধ করবে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের নির্বাহী আদেশের পরিণতি এড়াতে কিংবা কর্মসংস্থানসংক্রান্ত তদন্ত থেকে রেহাই পেতে অন্য আইনজীবী প্রতিষ্ঠানগুলোও তার প্রশাসনের সঙ্গে চুক্তি করে। হিসাব অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রায় ১০০ কোটি ডলারের বিনা মূল্যের আইনি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে কয়েকটি আইনজীবী প্রতিষ্ঠান ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতে লড়াই করে জয়ী হয়। বিচারকেরা এসব আদেশকে অসাংবিধানিক বলে রায় দেন।

পারকিনস কোই নামের একটি আইনজীবী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জারি করা নির্বাহী আদেশের বিষয়ে বিচারক বেরিল হাওয়েল বলেছিলেন, এটি ‘নির্দিষ্ট কিছু মতাদর্শ দমন ও শাস্তি দেওয়ার প্রকাশ্য চেষ্টা’।

সমঝোতা নিয়ে দুর্নীতির আশঙ্কা

বৃহস্পতিবারের বিবৃতিতে সমঝোতার আরো কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

তাদের অভিযোগ, এসব চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে। এর ফলে আইনজীবী প্রতিষ্ঠানগুলো চুক্তির শর্ত পালন করছে কি না, তা নির্ধারণের একক ক্ষমতা কার্যত প্রেসিডেন্টের হাতে চলে গেছে। এতে প্রতিষ্ঠানগুলো প্রশাসনের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আইনপ্রণেতারা সতর্ক করে বলেছেন, ট্রাম্পকে অসন্তুষ্ট করার আশঙ্কায় কার্কল্যান্ড অ্যান্ড এলিসের মতো প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মামলা নিতে অনীহা দেখাতে পারে।

তাদের ভাষায়, ‘যেসব ব্যক্তি ও জনগোষ্ঠী নিজেদের অধিকার রক্ষায় বিনা মূল্যের আইনি সহায়তার ওপর নির্ভর করেন, তাদের তখন কেন্দ্রীয় সরকারের পূর্ণ শক্তি ও ক্রমবর্ধমান চাপের মুখে একাই দাঁড়াতে হতে পারে।’

নভেম্বরে রয়টার্সের হাতে আসা এক চিঠিতে কার্কল্যান্ড অ্যান্ড এলিস জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী আইনজীবী প্রতিষ্ঠান স্ক্যাডেন ২০২৫ সালের মার্চে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যাওয়ার পর তারাও আলোচনা শুরু করে।

প্রতিষ্ঠানটি আরো বলেছে, হোয়াইট হাউসের সঙ্গে তাদের চুক্তির কারণে বিনা মূল্যের আইনি সেবা কার্যক্রমে ‘খুব সামান্য প্রভাব’ পড়েছে।

তাদের দাবি, তারা এখনো এমন সব বিষয়ে উল্লেখযোগ্য পরিমাণ বিনা মূল্যের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে, যেগুলোকে ‘প্রগতিশীল’ স্বার্থের সঙ্গে সম্পর্কিত বলে বিবেচনা করা হতে পারে।

ওয়াশিংটনের প্রভাবশালী আইনজীবী বেথ উইলকিনসন কার্কল্যান্ড অ্যান্ড এলিসের পক্ষে আইনি বিষয়টি দেখছেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...