যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসে তদন্ত ও নজরদারির ক্ষমতা ফিরে পাওয়ার আগেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সতর্ক করে চিঠি পাঠিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সম্ভাব্য তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে তাদের।
হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্প পরিবারের সদস্য, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চসহ প্রায় ১২ ব্যক্তি ও কর্মকর্তাকে চিঠি পাঠান।
ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনে অনিয়ম, জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি গোপন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্তের পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের।
এদিকে হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাবেক প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করছেন। এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কে প্রতিষ্ঠানটির সম্ভাব্য আর্থিক সুবিধা এবং লুটনিকের সরকারি সিদ্ধান্তে তার পরিবারের ব্যবসায়িক স্বার্থ প্রভাব ফেলেছিল কি না, তা খতিয়ে দেখতে চান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস ইরান যুদ্ধ, ভেনেজুয়েলার তেল চুক্তি, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান এবং ইউএসএআইডি বিলুপ্তির বিষয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে সাতটি সরকারি সংস্থাকে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণের নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছেন তিনি।
সিনেটেও তদন্তের প্রস্তুতি চলছে। আগামী বছর স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাওয়া সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের কার্যক্রম, টিকাদান পরিস্থিতি, স্বাস্থ্যবিমা খাত এবং ওষুধের অতিরিক্ত দাম নিয়ে তদন্ত করতে চান তিনি।
তবে ডেমোক্র্যাটদের চিঠির জবাবে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা উইল শার্ফ দাবি করেছেন, কমিটির নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণের আগে ডেমোক্র্যাটদের এসব নির্দেশ মানতে প্রশাসনের কর্মকর্তারা বাধ্য নন। তার অভিযোগ, এসব উদ্যোগ প্রকৃত তদারকির পরিবর্তে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
অন্যদিকে, ডেমোক্র্যাট নেতা জেমি রাসকিন বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা রয়েছে এবং প্রশাসনের অসহযোগিতা গ্রহণযোগ্য নয়।
নতুন কংগ্রেসে দায়িত্ব গ্রহণের আগেই এসব চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বিস্তৃত তদন্ত অভিযানের প্রস্তুতি স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




