ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আর্সেনাল। শনিবার রাতে সান্ডারল্যান্ডের ঘরের মাঠ ‘স্টেডিয়াম অব লাইট’-এ ২-০ গোলের চমৎকার জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। অন্যদিকে প্রিমিয়ার লিগে পানসে এক রাত দেখেছে দর্শকরা। বড় দুই দলের রাতটা কাটল হতাশায়। ঘরের মাঠে হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। অন্যদিকে অ্যানফিল্ডে গোলখরায় ভুগে ফুলহামের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মধ্যে পুরো খেলার চিত্র বদলে যায়। পেনাল্টি পেয়েও দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন সান্ডারল্যান্ডের এন্সো লি ফি। তার শট দারুণ দক্ষতায় আটকে দেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড রাইয়া। পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে দলের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি।
পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ওঠার আগেই সান্ডারল্যান্ডকে স্তব্ধ করে দেন ব্রুনো গিমারাইস। বদলি হিসেবে মাঠে নেমেই চমৎকার এক শটে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই মিডফিল্ডার। ম্যাচের শেষ ভাগে সান্ডারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বুকায়ো সাকা। পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে চার জয় নিয়ে মোট ১২ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে ফিরল আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়ে শতভাগ সাফল্যের ধারা বজায় রেখেছে আর্সেনাল।
স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই এগিয়ে যায় চেলসি। শুরুতেই মর্গান রজার্সের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে মোহাম্মেদ বেল্লৌমি প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৬৬ মিনিটে কোল পালমারের পাস থেকে জোয়াও পেদ্রো গোল করে চেলসিকে সমতায় ফেরান। শেষদিকে জয়ের জন্য চাপ বাড়ালেও হালের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিসের দৃঢ়তায় তিন পয়েন্ট পায়নি চেলসি। এই ড্রয়ে হাল সিটি এখনো অপরাজিত।
অন্যদিকে ফুলহামের বিপক্ষে নিজেদের মাঠেও ছন্দ খুঁজে পায়নি লিভারপুল। মাঝ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানোর পরও আক্রমণে ছিল ধারহীনতা। ভিক্টর মুনিওসের হেড ক্রসবারে লাগা ছাড়া গোলের মতো বড় সুযোগও খুব বেশি তৈরি করতে পারেনি স্বাগতিকরা। বরং পাল্টা আক্রমণে ফুলহাম কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে চার লিগ ম্যাচে এটি লিভারপুলের তৃতীয় ড্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

