মালয়েশিয়া ও চীনের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির সঙ্গে কাজ করেছিলেন বলে স্মৃতিচারণ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সময়ের সেই সহযোগিতার ভিত্তি এখনো দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করছে।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি আরো বলেছেন, রাষ্ট্রীয় সম্পর্কের গণ্ডির বাইরেও ঝু রংজির সঙ্গে তার গভীর ও আন্তরিক যোগাযোগ ছিল। তাকে ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম ।
চীনের অর্থনীতি বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সাবেক প্রধানমন্ত্রী ১২ আগস্ট (বুধবার) ৯৭ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন।
শুধু রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্কেই তাদের যোগাযোগ সীমাবদ্ধ ছিল না বলে জানান আনোয়ার। স্মৃতিচারণ করে তিনি বলেন, ঝু রংজি তাকে চীনা দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান, শানডং প্রদেশের বিখ্যাত তাইশান পর্বত এবং চীনের ঐতিহাসিক নৌ-অভিযাত্রী অ্যাডমিরাল ঝেং হের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শনের ব্যবস্থা করেছিলেন।
একবার আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত গ্রন্থাগার পরিদর্শনে গিয়ে ঝু রংজি নিজে বেছে নেওয়া কয়েকটি চীনা ক্ল্যাসিক বই উপহার দিয়েছিলেন। আনোয়ার জানান, বইগুলো এখনো তিনি সংরক্ষণ করে রেখেছেন।
ঝু রংজির মৃত্যুতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি তাকে সিঙ্গাপুরের ‘পুরোনো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের একটি বড় যৌথ অর্থনৈতিক প্রকল্পে ঝু রংজির ভূমিকার কথা স্মরণ করেন।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি দেশটির অর্থনৈতিক সংস্কার ও বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


