মাত্র চার মিনিট। এর মধ্যেই জাদুঘরে ঢুকে প্রায় তিন হাজার বছরের পুরোনো স্বর্ণের ঐতিহাসিক সংগ্রহের বেশির ভাগ নিয়ে পালাল একদল চোর।
বৃহস্পতিবার ভোরে স্পেনের ভিলেনা শহরের একটি জাদুঘরে ঘটে এই দুঃসাহসী চুরি।
লুটের শিকার হয়েছে ‘ট্রেজার অব ভিলেনা’। ব্রোঞ্জ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণের সংগ্রহ এটি। এতে ৫০টির বেশি বস্তু রয়েছে। এর মধ্যে আছে ২৯টি ব্রেসলেট, ১১টি বাটি, তিনটি বোতলসহ আরো কয়েকটি সামগ্রী।
শহর কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ভোর ৫টা ২০ মিনিটে ভিলেনা জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। মাত্র চার মিনিট পর, ৫টা ২৪ মিনিটে চোরেরা ভবন ছেড়ে যায়।
‘অভিযানটি ছিল খুবই দ্রুত এবং পেশাদার,’ বলেন ওই মুখপাত্র।
ভিলেনার মেয়র ফুলহেনসিও সেরদান সাংবাদিকদের বলেন, চোরেরা ‘সংগ্রহের বেশির ভাগই নিয়ে গেছে’।
কথা বলার সময় তার কণ্ঠ ভেঙে আসছিল। মেয়র বলেন, ‘আমরা পুরোপুরি বিধ্বস্ত। আমি কাঁপছি। সত্যি বলতে, ভিলেনার মানুষ হিসেবে এই ঘটনা আমাদের ধ্বংস করে দিয়েছে। এটি আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ।’
শুধু স্বর্ণ নয়
ট্রেজার অব ভিলেনার বেশির ভাগ সামগ্রী স্বর্ণের তৈরি। তবে এর মধ্যে রুপা, লোহা ও অ্যাম্বারের তৈরি নিদর্শনও রয়েছে। সবগুলোই খ্রিষ্টপূর্ব প্রায় ১ হাজার বছরের।
১৯৬৩ সালে প্রত্নতাত্ত্বিক হোসে মারিয়া সোলের ভিলেনার একটি শুকিয়ে যাওয়া নদীর তলদেশে পোঁতা একটি পাত্র থেকে এই সম্পদ আবিষ্কার করেন।
প্রত্নসম্পদগুলোর ঐতিহাসিক মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে মেয়রের হিসাবে, শুধু স্বর্ণের আর্থিক মূল্য প্রায় ২০ লাখ ডলার।
আলিকান্তে প্রদেশের একটি ছোট জাদুঘরে সংগ্রহটি রাখা ছিল।
জানালা দিয়ে ঢোকে, মিনিটেই উধাও
স্পেন সরকারের আলিকান্তে উপপ্রতিনিধি ম্যানুয়েল পিনেদা বলেন, কয়েকটি গাড়িতে করে চোরেরা জাদুঘরের কাছে আসে। এরপর তারা সম্ভবত একটি জানালা দিয়ে ভবনের ভেতরে ঢোকে।
তবে জাদুঘরের নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
শহর কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘সব নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়েছিল।’
তার দাবি, জাদুঘরের পক্ষ থেকে কোনো ‘ব্যর্থতা’ ছিল না।
চুরির কিছুক্ষণ আগে শহরের একটি ক্রীড়া কেন্দ্রেও অ্যালার্ম বেজেছিল। সেটি চোরেরা নিরাপত্তাকর্মীদের অন্যদিকে ব্যস্ত রাখতে ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউরোপে জাদুঘর লুটের ধারাবাহিকতা
ভিলেনার ঘটনা ইউরোপের জাদুঘরে সাম্প্রতিক দুঃসাহসী চুরির সর্বশেষ উদাহরণ।
গত অক্টোবরে প্যারিসের ল্যুভর জাদুঘরে দিনের আলোয় ঢুকে চোরেরা ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের গয়না নিয়ে পালায়। পুরো ঘটনায় সময় লেগেছিল ৮ মিনিটেরও কম।
ওই ঘটনায় সন্দেহভাজন চোরেরা গ্রেপ্তার হয়ে অভিযোগের মুখোমুখি হয়েছে। তবে পালানোর সময় ফেলে যাওয়া একটি মুকুট ছাড়া অন্য কোনো গয়না এখনো উদ্ধার হয়নি।
এরপর ইউরোপের বিভিন্ন জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনা ঘটে।
রোববার ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, সিসিলির একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের শিল্পী আন্তোনেলো দা মেসিনার ‘অসাধারণ মূল্যবান’ চারটি শিল্পকর্ম চুরি হয়েছে।
এর দুই দিন আগে ইতালির পুলিশ জানায়, পারমার কাছে ম্যাগনানি-রোকা ফাউন্ডেশন জাদুঘর থেকে চুরি হওয়া রেনোয়া, সেজান ও মাতিসের শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে। এসব শিল্পকর্মের মূল্য ১ কোটি ৪ লাখ ডলারের বেশি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেগুলো চুরি করতে সময় লেগেছিল তিন মিনিটেরও কম।
গত মাসে ফ্রান্সের বিলাসবহুল কাচ প্রস্তুতকারক প্রতিষ্ঠান লালিকের জাদুঘরেও ভোররাতে হামলা চালায় চোরেরা। সেখান থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের গয়না চুরি হয়।
গত অক্টোবরে প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে স্বর্ণ চুরির ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়।
আর ২০২৫ সালের সেপ্টেম্বরে মধ্য ফ্রান্সের লিমোজ শহরের আদ্রিয়েন দুবুশে ন্যাশনাল মিউজিয়ামে চুরি হয়। সেখান থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের চীনা মাটির তৈরি তিনটি শিল্পকর্ম চুরি করা হয়। এগুলো ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে শ্রেণিভুক্ত ছিল।
ভিলেনার ঘটনায় তাই শুধু একটি জাদুঘরের নিরাপত্তা নয়, ইউরোপের জাদুঘরগুলোর নিরাপত্তাব্যবস্থাই নতুন করে আলোচনায় এসেছে। প্রায় ৩ হাজার বছরের পুরোনো ঐতিহ্যের বড় অংশ মাত্র চার মিনিটে উধাও হয়ে যাওয়ায় সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


