আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানে রোববার নির্বাচন, বড় জয়ের পথে প্রধানমন্ত্রী তাকাইচির দল

আমার দেশ অনলাইন

জাপানে রোববার নির্বাচন, বড় জয়ের পথে প্রধানমন্ত্রী তাকাইচির দল
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানে রোববার আকস্মিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে ইঙ্গিত মিলেছে—দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন কট্টর রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড় ধরনের জয় পেতে পারে। দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক মাসে তার জনপ্রিয়তা দ্রুত বেড়ে যাওয়ায় এ সম্ভাবনা তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

৬৪ বছর বয়সি তাকাইচি গত অক্টোবরে জাপানের পাঁচ বছরে পঞ্চম প্রধানমন্ত্রী হন। তিনি তরুণ বয়সে হেভি মেটাল ড্রামার ছিলেন এবং মার্গারেট থ্যাচারের ভক্ত হিসেবে পরিচিত। সাধারণ জাপানিদের মধ্যে, বিশেষ করে তরুণদের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত।

এ নিয়ে নির্বাচনের আগে জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) ৪৬৫টি আসনের মধ্যে ৩০০টির বেশি আসন পেতে পারে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে। প্রধান বিরোধী দল সিডিপি ও কোমেইতো মিলে তৈরি নতুন সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স তাদের বর্তমান ১৬৭টি আসনের প্রায় অর্ধেক হারাতে পারে।

তবে চীনের সঙ্গে সম্পর্ক এখনো অনিশ্চিত। প্রধানমন্ত্রী হওয়ার আগে তাকাইচি নিয়মিত ইয়াসুকুনি মন্দিরে যেতেন, যা আঞ্চলিক সম্পর্কের জন্য স্পর্শকাতর। তিনি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, চীন যদি তাইওয়ান দখলের চেষ্টা করে, জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে।

অর্থনৈতিক ক্ষেত্রে তাকাইচির নীতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ১৩৫ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর বন্ডের সুদহার বেড়েছে এবং ইয়েনের মান ওঠানামা করছে। জাপানের ঋণের অনুপাত মোট দেশজ উৎপাদনের তুলনায় ইতোমধ্যে বড় এবং চলতি অর্থবছরে ২৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও বাজারের উদ্বেগ রয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন, তাকাইচি ‘অর্থনৈতিকভাবে বেপরোয়া’ হবেন না এবং সরকারের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বন্ড বাজারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন