চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে মৃত ৫ শিশুকে পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে মৃত ৫ শিশুকে পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুকে পাশাপাশি দাফন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলো—চর চাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও তাঁর ছোট বোন আরিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২), নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) এবং তার ছোট বোন সুরাইয়া (৯)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চর চাকলা এলাকার মরা পাগলা নদীতে গোসল করতে নামে পাঁচ শিশু। একপর্যায়ে মাসুদের মেয়ে সুমাইয়া পানিতে তলিয়ে যায়। বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য ছোট বোন আরিবা পানিতে হাত বাড়িয়ে দেয়। এরপর অন্য শিশুরাও তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামে। একপর্যায়ে একে একে পাঁচ শিশুই পানিতে তলিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত কার্যক্রম শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, পানিতে ডুবে মৃত্যু কমাতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পানিতে ডুবে মৃত্যু ও বজ্রপাতজনিত মৃত্যু প্রতিরোধে মসজিদ ও স্কুলকেন্দ্রিক সচেতনতা কার্যক্রমও চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘দুর্গম এলাকায় স্থানীয়ভাবে প্রশিক্ষিত উদ্ধারকর্মী বা শিশুদের সাঁতার শেখানোর কার্যক্রম বর্তমানে চালু নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

ইউএনও আরও জানান, নিহত শিশুদের পরিবারের সদস্যদের নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন