সাগরবেষ্টিত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাত্র আট থেকে দশ দিনের ব্যবধানে অপমৃত্যু, শিশু নিখোঁজ, সাংবাদিক নির্যাতন, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা এবং সাম্প্রদায়িক উসকানির ঘটনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ বাসিন্দাদের পাশাপাশি খোদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
ঘাটে মুক্তিযোদ্ধার মৃত্যু ও চাঁদাবাজি অনুসন্ধানে জানা যায়, গত সপ্তাহে চাঁদাবাজির জের ধরে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর প্রত্যক্ষ শিকার হয়ে ঘাটে জরুরি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন সিরাজউদ্দীন (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধা। এ নিয়ে ব্যাপক জনরোষ তৈরি হলেও উপজেলা প্রশাসন বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে কোনো সহায়তা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিক, ব্যবসায়ী ও ধর্মীয় ব্যক্তির ওপর হামলা গত ২০ আগস্ট স্থানীয় সাংবাদিক ইসমাইল হোসেন মনিকে অপহরণ করে ব্যাগে ইয়াবা ঢুকিয়ে স্বীকারোক্তি আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সন্দ্বীপ প্রেস ক্লাব এর প্রতিবাদ জানালেও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী সাংবাদিক থানায় মামলা করতে পারেননি। এ ছাড়া গত ২৮ আগস্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রায়হান নামে এক কোরআন হাফেজকে বিবস্ত্র করে নির্যাতন এবং কালাপানিয়া মাদরাসা মার্কেটে প্রকাশ্য দিনদুপুরে হাসান সওদাগর নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে ২৩ আগস্ট রাতে তুলাতলী বাজারে আকবর হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে গুলি চালানো হয়; এ হামলায় আরও একজন আহত হন।
রহস্যজনক অপমৃত্যু, নারী নিগ্রহ ও শিশু নিখোঁজ সারিকাইত এলাকায় আফরিন (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পরিবারের দাবি। হারামিয়া ইউনিয়নে দুই সন্তানের জননী সুকতারা বেগমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গাছুয়ায় মেহেদি হাসান (১৯) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জেলেপাড়ার এক কিশোরীর অপমৃত্যু ঘটে। মুছাপুর, মগধরা ও দীর্ঘাপাড় আশ্রয়ন প্রকল্পে তিন নারীকে ধর্ষণচেষ্টার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহে অন্তত তিনটি শিশু নিখোঁজ হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় পরিবারগুলো কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
সরকারি দপ্তরে হামলা ও প্রশাসনিক অস্থিরতা গত দুই সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারীরা একাধিকবার মবের শিকার হয়েছেন। ১৩ আগস্ট ইউএনওর ব্যক্তিগত সহকারী সাখাওয়াত হোসেনকে সড়ক থেকে তুলে নিয়ে হেনস্তা করা হয়, যা পরবর্তীতে অনানুষ্ঠানিকভাবে মীমাংসা করা হয়। তবে নির্বাচন অফিসের কর্মচারীদের ওপর মবের ঘটনায় থানায় জিডি হয়েছে। রাজনৈতিক চাপে কাজ করা ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক কর্মকর্তা দ্বীপ থেকে বদলির চেষ্টা করছেন।
সাম্প্রদায়িক উসকানি ও শান্তিশৃঙ্খলা সভা সন্তোষপুর ইউনিয়নে এক যুগলের পলায়নকে কেন্দ্র করে প্রেমের ঘটনাকে ধর্মীয় রূপ দিয়ে সংঘাত তৈরির অপচেষ্টা চালানো হয়।
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম সোহাগ জানান, ভৌগোলিক বিচ্ছিন্নতা ও জবাবদিহিতার অভাবেই অপরাধীরা সুযোগ পাচ্ছে। অপরাধ বিশ্লেষক শামসুল আরিফ ফাহিম একে রাজনৈতিক সিন্ডিকেটের প্রভাব বলে মন্তব্য করেন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য মিলাদ মুদ্দাসসির নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ইউএনও আমজাদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ চলছে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, লজিস্টিক চ্যালেঞ্জ থাকলেও বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং পুলিশের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্দ্বীপে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা উসকানি বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

