হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান। খবর আলজাজিরার।
কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপের পর টোকিওতে সাংবাদিকদের তাকাইচি জানান, তার আহ্বানের জবাবে সুলতান হাইথাম বলেছেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোর সঙ্গে ওমান পরামর্শ করবে এবং তাদের মতামতকে সম্মান করবে।
বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
মাস্কাট ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাকাইচি সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ওমানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই এই ফোনালাপ হলো। এর ফলে হরমুজ প্রণালিতে ভবিষ্যতে নৌচলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


