বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারাবিশ্বই সফর করতে পারেন। আমাদের পাশের দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের।
তিনি বলেন, এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চাই ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরো, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
আরো বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা ও বিভিন্ন থানার নেতারা। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক (রোকন) সদস্য (নারী-পুরুষ) উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান একইস্থানে বিকেলে রাজশাহী জেলা জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


