শিল্পী মুর্শিদা আরজু আলপনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তার চিত্রকর্ম ‘পজিশনস বার্লিন আর্ট ফেয়ার ২০২৬’-এ প্রদর্শিত হচ্ছে। ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই আর্ট ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এটি জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ আর্ট ফেয়ার, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের গ্যালারিগুলো তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশ নেয়। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আর্ট ফেয়ারে প্রদর্শিত হয়ে আসছে শিল্পী আলপনার শিল্পকর্ম, যা ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সেখানকার সংবাদপত্রেও তার কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ‘লন্ডন আর্ট ফেয়ার’ ও ‘আর্ট কার্লস রুহে’র পর আসছে নভেম্বরে হামবুর্গ আর্ট ফেয়ারে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিল্পীর আলপনার এই জীবন একটি সাবলীল সৃষ্টিশীলতার মধ্য দিয়েই বহমান।

বার্লিন আর্ট উইকের অন্যতম প্রধান অংশ হলো ‘পজিশনস বার্লিন আর্ট ফেয়ার’। বার্লিনের স্বনামধন্য গ্যালারি ‘সাবজেক্ট অবজেক্ট’-এর (Subjectobject) মাধ্যমে তার আট-দশটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি ফ্রান্সের স্টুডিওতে বড় দুটি কাজ শেষ করে তিনি তা বার্লিনে নিয়ে এসেছেন। দৃশ্যত এই বড় দুটি ছবির মূল বিষয়বস্তু সাম্প্রতিক সময়ের ‘সূর্যগ্রহণ’ বা ‘Eclipse’।
তিনি তার স্টুডিওর খুব কাছেই ভলকানিক পর্বতের ওপর দাঁড়িয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সূর্যগ্রহণটি স্বচক্ষে অবলোকন করেন। সেই বিশেষ মুহূর্ত তার সৃষ্টিশীল চোখ, মন ও মস্তিষ্ককে গভীরভাবে নাড়া দেয়। তারই ফলে সৃষ্টি হয় এই শিল্পকর্ম। শিল্পকর্মটি দর্শকদের গভীরভাবে আন্দোলিত করছে। একই সঙ্গে এটি শিল্পীকে নানা প্রশ্ন ও প্রশংসায় সিক্ত করছে।
ছবির টাইটেল : ‘সিনিয়াক পর্বতে সূর্যগ্রহণ’। অপর ছবিগুলোও একইভাবে আদৃত হচ্ছে। শিল্পীর ছবি দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? সামনের আরো দুটি দিন খুব ব্যস্ততায় কেটে যাবে। আজ রাতে তিনি একটি বিশেষ আয়োজন—‘ভিআইপি কালেক্টরস ডিনার’-এ যোগদান করতে যাচ্ছেন। সেখানে চিন্তাভাবনার আদান-প্রদান এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চমৎকার সুযোগ রয়েছে, কারণ পরিবেশটি সবসময়ই অত্যন্ত জীবন্ত ও উৎসবমুখর থাকে।
এভাবেই একের পর এক প্রদর্শনীতে যোগ দিয়ে দেশ ও বিদেশে নিজের শিল্পচর্চা অব্যাহত রেখেছেন শিল্পী আলপনা। তিনি আশা প্রকাশ করেছেন, এখন থেকে প্রতি বছরই তিনি বাংলাদেশে আসবেন এবং এখানে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে। এছাড়া নিজ স্টুডিও ‘গহিন’-এ বসে সৃষ্টিশীল কাজে মগ্ন হওয়ার স্বপ্নটিকে বাস্তবায়ন করার গভীর আগ্রহ রয়েছে তার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

