রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক অভিযানের ব্যাপকতা, ধরন ও পদ্ধতি কেবল জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের বেঞ্চের পক্ষে রায় পাঠ শুরু করেন আইসিজে সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে আদালতের কাছে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অভিযান চালানো হয়েছিল।

বিচারপতি ইউজি বলেন, অভিযানের ব্যাপকতা ও এর ধরন প্রমাণ করে, মিয়ানমারের উদ্দেশ্য শুধু রোহিঙ্গাদের শাস্তি দেওয়া ছিল না; বরং জনগোষ্ঠীটির একটি বড় অংশকে নিশ্চিহ্ন করাই ছিল এর লক্ষ্য।

বিচারক ইউজি জানিয়েছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে থাকা সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল।

ইওয়াসাওয়া ইউজি বলেন মিয়ানমার সরকার এমন কিছু আঞ্চলিক নির্দেশনা জারি করেছিল, যার আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে, আদেশটি ছিল রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল, যার লক্ষ্য ছিল অন্ততপক্ষে এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনা—যার মধ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’

এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা চালানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট হয়ে যায়।

রায়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করে আদালত। বিচারক ইউজি তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও আত্মপরিচয় রয়েছে।

প্রায় সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করেছিল। ২০১৭ সালে রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে কি না এবং এ ঘটনায় মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী কি না, আদালত তা নির্ধারণ করবে।

২০১৭ সালের সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...