গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সর্বশেষ শীর্ষ সম্মেলনের পর দুই দেশের বাণিজ্যযুদ্ধে এক বছরের ‘স্থগিতাদেশ’ বা বিরতি ঘোষণা করা হয়েছিল। এই সম্মেলন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত করলেও গত এক দশকে গড়ে ওঠা বাণিজ্য বাধাগুলোর অধিকাংশই এখনো বহাল রয়েছে।
পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া সম্মেলনের পর চীন থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন শুল্কের হার দাঁড়িয়েছে গড়ে ৪৭ দশমিক ৫ শতাংশে। অথচ ট্রাম্পের প্রথম মেয়াদের আগে এই হার ছিল মাত্র ৩ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, মার্কিন পণ্যের ওপর চীনের আরোপিত গড় শুল্কের হার বর্তমানে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯ শতাংশে। ২০১৮ সালে এই হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ। এই বিশাল শুল্কের হারই প্রমাণ করে, গত কয়েক বছরে দুই দেশের বাণিজ্যে কতটা অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বিরতি দুই দেশের জন্য স্বস্তিদায়ক হলেও দীর্ঘমেয়াদি বাণিজ্য বাধাগুলো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুল্কের এই উচ্চ হার দুই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে সম্পর্কের গতি-প্রকৃতি কোন দিকে যাবে, তা নিয়ে বিশ্বজুড়ে এখনো আলোচনা ও উৎকণ্ঠা বজায় রয়েছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


