লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি ও একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। সীমান্তে বাংলাদেশিদের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করলে পরিস্থিতির একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিজিবির হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন