হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথ দ্রুত পুনরায় স্বাভাবিকভাবে চালুর ওপরও জোর দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, হরমুজ প্রণালির সংকটের সমাধান যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্যেই নিহিত। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত মন্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বলপ্রয়োগ কখনো সমস্যার সমাধান করতে পারে না, সংলাপই একমাত্র সঠিক পথ।
তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে একবার সংলাপের দরজা খুলে গেলে সেটি আর বন্ধ করা উচিত নয়।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে ওয়াং ই বলেন, সংঘাত দ্রুত বন্ধ এবং অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বেইজিং তার ভূমিকা অব্যাহত রাখবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে চীনের এই কূটনৈতিক আহ্বানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ট্রাম্পের চীন সফরে হতাশ মার্কিন বিনিয়োগকারীরা, ধাক্কা খেল শেয়ারবাজার