৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন এক ইউপি সদস্য। বয়স কিংবা সংসার আর জনপ্রতিনিধির দায়িত্ব— কোনো ব্যস্ততাই তাকে দমিয়ে রাখতে পারেনি। শেখার অদম্য ইচ্ছাই তাকে সফলতা এনে দিয়েছে।
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করা ওই ইউপি সদস্যের নাম আমিনুল ইসলাম । তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় । অনেকের কাছে তিনি এখন নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা।
আমিনুল ইসলাম ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন । এরপর জীবন ও জীবিকার তাগিদে দীর্ঘ সময় পড়াশোনার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন । সংসার ও কর্মজীবনের ব্যস্ততায় আর ফেরা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানে।
তবে মনের ভেতর উচ্চশিক্ষার স্বপ্নটি বেঁচে ছিল। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার প্রয়োজনীয়তা আরো গভীরভাবে উপলব্ধি করেন তিনি। সেই উপলব্ধি থেকেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর শুরু হয় নতুন করে শিক্ষাজীবনের পথচলা।
আমিনুল ইসলাম বলেন, ‘১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। গত নির্বাচনে মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হই। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার অভাবের বিষয়টি অনুধাবন করি। তখন নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা জাগে।’
তিনি বলেন, ‘শেখার কোনো বয়স নেই। সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতাম। নিয়মিত চেষ্টা ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে।’
তিনি জানান, সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করবেন।
আমিনুল ইসলামের এই সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ‘এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়, আমাদের ইউনিয়ন পরিষদের জন্যও গর্বের।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য দৃষ্টান্ত।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

