৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই ফেল করেছেন। এ ঘটনায় শিক্ষকদের হাতে ফুল দিয়ে প্রতিবাদ করেছে স্থানীয় ছাত্রদলের নেতারা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৪৭ জনই ফেল করেছেন । পাসের হার মাত্র ১৭.৬৭ শতাংশ। চরম ফল বিপর্যয়ের প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতারা শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার সকালে কলেজের অফিস রুমে উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্য শিক্ষকদের এই শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, উপজেলা ছাত্রদলের সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্য নেতারা।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী জানান, পরীক্ষার ফলাফলের এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এর প্রতিবাদস্বরূপ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভালো ফলাফল করতে পারে, সে বিষয়ে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
এ বিষয়ে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

