প্রকাশ্যে লিজার ‘তুমি বিহন’

প্রকাশ্যে লিজার ‘তুমি বিহন’

বেশ কয়েক মাস বিরতির পর এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। সম্প্রতি লিজার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

‘তুমি বিহন’ গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

বিজ্ঞাপন

লিজা বলেন, ‘বেশ কয়েক মাস বিরতির পর আমার নতুন কোনো মৌলিক গান প্রকাশ পেল। আমার গানের নিয়মিত যারা শ্রোতা তারাও চাচ্ছিলেন যেন নতুন গান প্রকাশ করি। বলা যায় সেই তাগিদ থেকেও এই গানটি প্রকাশ করা। রোমান্টিক এই গানটির কথা ও সুর আমার কাছে আমার অন্যান্য গানের চেয়ে একটু বেশি ভালো লাগার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এমন অনেকেই আমাকে ফোন করেছেন যারা গানটি একবার শুনতে গিয়ে বহুবার শুনেছেন। ধন্যবাদ জানাই শ্রোতাদের। সত্যি বলতে কী একজন শিল্পী হিসেবে আমি সব সময়ই চাই সুন্দর সুন্দর গান প্রকাশ করতে। কিন্তু সব সময় মনের মতো গানের কথা পাই না। আর তাই গান প্রকাশ করতেও একটু সময় নিতে হয়।’

এদিকে লিজা জানান, আরও কয়েকটি নতুন গানের কাজ চলছে। গানের অডিওর কাজ শেষ হলে মিউজিক ভিডিওর কাজ দ্রুত শেষ করে নিজের চ্যানেলেই প্রকাশ করবেন গান। ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত লিজার অন্যান্য উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘চাই তোমায়’, ‘পাখি’, ‘যাবি কতদূর’, ‘পাগলী সুরাইয়া’, ‘তুমি আসবে বলে’, ‘তোমার রোদেলা আকাশে’, ‘মেঘে মেঘে’, ‘সারা আকাশ তাকে লিখে দেবো’ ইত্যাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন