বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকের জনপ্রিয় ও নবজাগরণ সৃষ্টিকারী কণ্ঠশিল্পী আগুন দীর্ঘদিন পর আবারও নতুন চলচ্চিত্রের গানে ফেরা নিশ্চিত করেছেন। টানা পাঁচ বছরের বিরতি শেষে নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি।
‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের এই গানটির কথা যৌথভাবে লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে প্রখ্যাত এই শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইতে দেখা যাবে কণ্ঠশিল্পী তানজিনা রুমাকে।
গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন অন্যতম শীর্ষ গায়ক। গানটি তৈরি করার সময় থেকেই উনার কথা ভেবেছিলাম। পরে সুর ও সংগীত শেষ করে উনাকে পাঠানোর পর উনি গানটি বেশ পছন্দ করেন এবং খুব আনন্দের সঙ্গেই রেকর্ডিং শেষ করেছেন।’
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ নামের একটি সিনেমার গানে প্লেব্যাক করেছিলেন আগুন। এরপর দীর্ঘ সময় প্লেব্যাক থেকে দূরে থাকলেও শ্রোতাদের মনে তার জায়গা সবসময়ই অমলিন। ১৯৯৩ সালে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগুনের গান গাওয়া শুরু হয়।
প্রথম ছবিতেই তার মেলোডিয়াস কণ্ঠ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আমার’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘আম্মাজান’ কিংবা ‘দুই দুয়ারী’র মতো অসংখ্য সুপারহিট চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি নব্বইয়ের দশকের চলচ্চিত্রের সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব ধারা। দীর্ঘ বিরতি কাটিয়ে তার এই প্রত্যাবর্তনে ভক্ত ও শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

