আদালত নিয়ে সংঘাতের মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের জরুরি বৈঠক

আদালত নিয়ে সংঘাতের মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের জরুরি বৈঠক
ওয়ারশতে পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের সদর দপ্তরের বাইরে গেটের কাছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দাঙ্গা পুলিশের উদ্দেশ্যে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: এএফপি

পোল্যান্ডের সাংবিধানিক আদালতের স্বাধীনতা নিয়ে বিরোধ আরো গভীর হওয়ায় রাজনৈতিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি।

বিজ্ঞাপন

শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে জাতীয়তাবাদী, উগ্র ডানপন্থি ও ক্ষমতাসীন জোটের কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থি দল সিভিক কোয়ালিশন বৈঠকে যোগ দেয়নি।

শুক্রবার সাংবিধানিক আদালতের প্রধান বিচারক বোগদান শভিয়েচকোভস্কিকে আকস্মিকভাবে সাময়িক দায়িত্ব থেকে সরানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট নাভরোৎস্কি এক বিবৃতিতে বলেন, পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ায় তিনি ‘জরুরি’ পরামর্শ বৈঠক ডেকেছেন। শনিবার বিকেল পর্যন্ত সংকট নিরসনে কোনো অগ্রগতি হয়নি।

এদিকে শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী টাস্ক রক্ষণশীল জাতীয়তাবাদী বিরোধী নেতাদের বিরুদ্ধে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংসের চেষ্টার অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘বিষয়গুলোকে তাদের প্রকৃত নামে ডাকা যাক। পোল্যান্ডে বছরের পর বছর এমন সংগঠন ও রাজনীতিক রয়েছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করতে চান।’

শনিবার আদালতের বাইরে বিক্ষোভ করেন বিরোধী ডানপন্থি দল আইন ও বিচার পার্টির (পিআইএস) সমর্থকেরা। পিআইএস–সমর্থিত বিচারকদের পক্ষে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অংশ হিসেবে তারা সেখানে জড়ো হন।

সাংবিধানিক সংকট

পোল্যান্ডের সাংবিধানিক আদালত সংবিধানসংক্রান্ত বিষয়ে দেশটির সর্বোচ্চ আদালত। আদালতগুলোকে রাজনীতিকরণের অভিযোগ নিয়ে কয়েক বছর ধরে চলা বিরোধের কেন্দ্রে রয়েছে প্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রী টাস্কের দাবি, ডানপন্থি পিআইএস সরকারের আমলে এ প্রক্রিয়া শুরু হয়েছিল।

২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিআইএসের শাসনামলে নিয়োগ পাওয়া আদালতের প্রধান বিচারক শভিয়েচকোভস্কির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সংসদকে নতুন বিচারক নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

টাস্কের যুক্তি, আদালতের বিচারকেরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ নন। পিআইএসের শাসনামলে আইনের শাসন দুর্বল হয়ে পড়েছিল। তা পুনরুদ্ধারে শভিয়েচকোভস্কিকে অপসারণের সিদ্ধান্তটি ‘বেদনাদায়ক’ হলেও প্রয়োজনীয় ছিল।

শুক্রবার আদালতের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে সরকারের এ পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করা হয়।

ডানপন্থি রাজনীতিক প্রেসিডেন্ট নাভরোৎস্কিও তার প্রশাসনের অধীনে আদালতে নতুন বিচারক নিয়োগের প্রস্তাব আটকে রেখেছেন।

টাস্ক ও তার ইউরোপপন্থি দলের অন্যতম অভিযোগ, পিআইএস–সমর্থিত বিচারকেরা প্রায়ই পোল্যান্ডের জাতীয় আইনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনের ওপর প্রাধান্য দিয়ে রায় দিয়েছেন।

শনিবার ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট নাভরোৎস্কিকে সাংবিধানিক সংকটের কেন্দ্রে থাকা নতুন বিচারকদের নিয়োগ অনুমোদনের আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

পোল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম রোজ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পোল্যান্ডের এখন সবচেয়ে কম প্রয়োজন এমন কোনো সংঘাত, যা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে গড়াবে।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন