নেদারল্যান্ডসের উপকূলে ইঞ্জিনবিহীন একটি রাবারের নৌকা থেকে ৩৮ জনকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মানব পাচারকারী বলে সন্দেহ করা হচ্ছে। বাকি ৩৬ জন অভিবাসী।
শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক পুলিশ।
সামরিক পুলিশের মুখপাত্র ডোরন ওয়ালিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘তারা কোথা থেকে এসেছেন, ফ্রান্স, নেদারল্যান্ডস নাকি বেলজিয়াম, তা আমরা জানি না। নৌকাটি কোথায় যাচ্ছিল, সেটিও জানা যায়নি।’
নেদারল্যান্ডসের আমস্টারডামের অনেক দক্ষিণ-পশ্চিমে জিল্যান্ড প্রদেশের উপকূলে নৌকাটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকাটিতে কোনো ইঞ্জিন ছিল না। যাত্রীদের কারো গায়ে জীবন রক্ষাকারী জ্যাকেটও ছিল না।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, নৌকায় থাকা ৩৮ জনই পুরুষ। তাদের মধ্যে ৩৬ জন আফগানিস্তানের নাগরিক। বাকি দুজন সুদানের নাগরিক। এ দুই সুদানি নাগরিককে মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে শরণার্থী ও অভিবাসীদের যাত্রা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে নেদারল্যান্ডসের জলসীমায় এ ধরনের নৌকা পাওয়া বিরল।
ওয়ালিন বলেন, ‘এ ধরনের ঘটনা সাধারণত ফ্রান্স ও বেলজিয়ামে দেখা যায়। আজকের আগে নেদারল্যান্ডসে এমন ঘটনা খুব কমই ঘটেছে।’
ঘটনাটি তদন্তে রোববার তদন্ত শুরু করবে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

