গ্রিস-তুরস্কের পুরোনো বিরোধে নতুন উত্তাপ ছড়াচ্ছে সামুদ্রিক পার্ক

গ্রিস-তুরস্কের পুরোনো বিরোধে নতুন উত্তাপ ছড়াচ্ছে সামুদ্রিক পার্ক

এজিয়ান সাগরে দুটি নতুন জাতীয় সামুদ্রিক পার্ক তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার কথা বলা হলেও গ্রিসের সঙ্গে সমুদ্রসীমা ও সামুদ্রিক অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই আঙ্কারার এ পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে।

তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত দুটি প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে নতুন সামুদ্রিক পার্ক দুটি ঘোষণা করা হয়। এর একটি দক্ষিণ এজিয়ানে মুগলার ফেতহিয়ে ও আন্তালিয়ার কাশ জেলার মধ্যবর্তী এলাকায়। অন্যটি উত্তর এজিয়ান সাগরে তেকিরদাগ ও চানাক্কালে উপকূলের কাছে অবস্থিত।

বিজ্ঞাপন

তুরস্ক বলছে, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে এজিয়ান সাগরে সামুদ্রিক পার্ক ঘোষণা নিয়ে প্রতিবেশী গ্রিসের সঙ্গে আগে থেকেই মতবিরোধ রয়েছে।

গত বছর গ্রিসও আইওনিয়ান সাগর ও দক্ষিণ সাইক্লাডেস দ্বীপপুঞ্জের আশপাশে দুটি সামুদ্রিক পার্ক তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিল। তুরস্কের অভিযোগ ছিল, পরিবেশ রক্ষার নামে গ্রিস বিতর্কিত সমুদ্রাঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

এদিকে গ্রিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গ্রিসও দক্ষিণ এজিয়ান এলাকায় নতুন সামুদ্রিক পার্ক ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে দেশটির আদালতে প্রক্রিয়া চলছে এবং আগামী অক্টোবরে তা চূড়ান্ত হতে পারে।

এজিয়ান সাগরের সামুদ্রিক সীমানা, দ্বীপপুঞ্জ ও সমুদ্রসীমা নিয়ে বহু বছর ধরে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ চলছে। নব্বইয়ের দশকে এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশ যুদ্ধের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল।

বর্তমানে দুই দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও সমুদ্রসীমা ও সামুদ্রিক অধিকার এখনো বড় বিরোধের বিষয়। তুরস্ক মনে করছে, এজিয়ান সাগরের মতো অমীমাংসিত সমুদ্রসীমার এলাকায় কোনো একতরফা পদক্ষেপ নেওয়া হলে তা ভবিষ্যতে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

আঙ্কারা বলছে, সমুদ্র সংরক্ষণ জরুরি হলেও তা কোনো দেশের সার্বভৌম অধিকার বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করে করা উচিত নয়।

সূত্র: ডেইলি সাবাহ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন