কুয়াকাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুয়াকাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল হাওলাদার (৩৮) ও তার সহযোগী ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল স্যান্ডির উত্তর পাশে নির্মাণাধীন একটি ভবনের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানা পুলিশ জানায়, এসআই শেখ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুলাল ও ইউসুফকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার দুলাল কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং ইউসুফ একই এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন