ইসলাম অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন সমর্থন করে না: চরমোনাই পীর

ইসলাম অন্য ধর্মের মানুষের ওপর নির্যাতন সমর্থন করে না: চরমোনাই পীর

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ইসলাম কখনো অন্য ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না। অমুসলিমদের জানমাল ও ইবাদতখানার নিরাপত্তা দেওয়া ইসলামের অন্যতম বিধান। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মাঝে-মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালায়। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতার জন্য কেউ কেউ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় হয়, যা দেশের ক্ষতির কারণ।

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা। স্বাধীনতার ৫৫ বছর পরও সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাঈদ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে অনেকে স্বজন হারিয়েছেন। কিন্তু অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলেও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন