রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক মোহাম্মদ করিম

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, কেরানিহাট সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মোহাম্মদ করিমের বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দীর্ঘক্ষণ তার লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।

নিহত মোহাম্মদ করিম উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা মো. শফির ছেলে।

স্থানীয়দের দাবি, নিহত করিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর কেউ কেউ দাবি করছেন, ঘটনাটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; বরং মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, নিহত করিমের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন