ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আইন করে সীমিত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিজ্ঞাপন

রোববার দেশটির ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি (এফডিআই) দলের যুব সংগঠনের আয়োজনে জাতীয় যুব উৎসব ‘ফেনিক্স’-এ বক্তব্য দেওয়ার সময় এসব পরিকল্পনার কথা জানান মেলোনি।

তিনি বলেন, শ্রেণিকক্ষে ইতালীয় শিক্ষার্থীদের নিজেদের দেশেরই সংখ্যালঘু হিসেবে মনে হওয়ার পরিস্থিতি তৈরি হতে দেওয়া যায় না। তার ভাষায়, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে স্থানীয় শিক্ষার্থীরা যদি নিজেদের কোণঠাসা মনে করে এবং সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘু হয়ে যায়, তা গ্রহণযোগ্য নয়।

স্কুলে ধর্মীয় পোশাকের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মেলোনি। তিনি বলেন, তার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করবে।

বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রেও নতুন শর্ত আরোপের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলব্যবস্থার সঙ্গে একীভূত হতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হতে পারে।

মেলোনি জানান, এ বিষয়ে প্রস্তুত করা পদক্ষেপটি শিগগিরই মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন