তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আনতালিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে ৯ জন প্রাণ হারান এবং অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন।
এদিকে ডিএইচএ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আনতালিয়া থেকে ইস্পার্তার পথে বুরদুর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হন।
গভর্নর সাহিন জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশে যাত্রাকালে ৩৪ যাত্রী বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দেননি তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলটি একটি ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে দ্রুতগতিতে যান চলাচল অনুচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে পিচ্ছিল সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।
উল্লেখ্য, আনতালিয়া ও এর আশপাশের উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

