পার্কিংয়ের জায়গায় ব্যবসা

সিডিএর অভিযানে ১৩ ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা

সিডিএর অভিযানে ১৩ ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা
সিডিএর অভিযানে ১৩ ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা। ছবি: আমার দেশ

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও পার্কিংয়ের জায়গায় অবৈধ ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে ১৩টি ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পাঁচটি ভবন সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন।

বিজ্ঞাপন

অভিযানে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ সুপারশপ ‘উৎসব’কে ৮ লাখ টাকা এবং ‘স্বপ্ন’কে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পার্কিংয়ের কোনো ব্যবস্থা না রেখেই ব্যবসা পরিচালনা করায় ‘সেফস লাউঞ্জ’ নামের একটি রেস্টুরেন্টসহ নানা অনিয়মের দায়ে পাঁচটি ভবনকে সিলগালা করে দেওয়া হয়।

সিডিএ সূত্র জানায়, বৃহস্পতিবার মোট ১৩টি ভবনে পরিচালিত এই অভিযানে নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণের দায়ে বিভিন্ন মালিকের কাছ থেকে সর্বমোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে তিনটি ভবনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং পাঁচটি ভবন সিলগালা করাসহ মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

অভিযানকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, ‘‘বড় বড় সুপারশপ ও প্রতিষ্ঠান করা হলেও পার্কিং না রাখা চরম দায়িত্বহীনতা। নগরবাসীর ভোগান্তি ও যানজট এড়াতে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করার অনুরোধ জানাচ্ছি।’’

সিডিএ কর্মকর্তারা জানান, পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে অবৈধ ও ব্যতিক্রমী নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে সিডিএ’র ইমারত নির্মাণ কমিটি-২ এর চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাং মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সিডিএ-র পদস্থ কর্মকর্তা ও ইমারত পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন