বাহরাইনের ভূখণ্ডে ইরানের চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার ও সামরিক বাহিনী। বাহরাইনি সামরিক বাহিনী দাবি করেছে, আকাশপথে আসা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও প্রক্ষেপক (প্রজেক্টাইল) সফলভাবে ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আলজাজিরার।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাহরাইন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বাহরাইন রাজ্যের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে জঘন্য ও ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইরান।
বিবৃতিতে সামরিক বাহিনীর উচ্চমাত্রার যুদ্ধ প্রস্তুতি তুলে ধরে বলা হয়, জেনারেল কমান্ড নিশ্চিত করছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সকল সামরিক ইউনিট ও অস্ত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে।
হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির মুখে গত ৬ ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো জারি করা এক জরুরি সতর্কবার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সবাইকে কেবল সরকারি মাধ্যম থেকে হালনাগাদ তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি আরব দেশগুলোর উদ্দেশে এক কঠোর হুঁশিয়ারি বার্তা জারি করেছেন। তিনি আরব দেশগুলোকে তাদের মাটি থেকে অবিলম্বে মার্কিন সেনাদের বিতাড়িত করার দাবি জানিয়েছেন।
ইরানি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত বিবৃতিতে জাভানি সতর্ক করে বলেন, আপনাদের দেশ থেকে আমেরিকানদের বের করে দিয়ে সামরিক ঘাঁটিগুলো পুনরুদ্ধার করাই শ্রেয়। কারণ যে ভূমি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হবে, সেখানে চূর্ণবিচূর্ণকারী হামলা চালাতে তেহরান কোনো দ্বিধা করবে না। এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

