অনলাইনে করা যাবে আবেদন, লাগবে ১ হাজার টাকা নিবন্ধন ফি

এসএমই উদ্যোক্তাদের করমুক্তি ও বিদেশে ব্যবসায়িক খরচের সুবিধা পেতে এমএসএমই নিবন্ধন শুরু

এসএমই উদ্যোক্তাদের করমুক্তি ও বিদেশে ব্যবসায়িক খরচের সুবিধা পেতে এমএসএমই নিবন্ধন শুরু

এসএমই উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভারের ওপর করমুক্তি এবং ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা দিতে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) প্রতিষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। নিবন্ধন সম্পন্ন হলে উদ্যোক্তারা নির্দিষ্ট শর্তে কর সুবিধার পাশাপাশি ব্যবসায়িক প্রয়োজনে বৈদেশিক লেনদেনসহ সরকারের বিভিন্ন নীতি ও সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এমএসএমই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য সামিম আহমেদ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয়ের ওপর করমুক্ত সুবিধা পাবেন। একইভাবে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য এ সীমা ৭০ লাখ টাকা পর্যন্ত। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশনের অধীনে এমএসএমই প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএমই উদ্যোক্তারা ব্যবসায়িক প্রয়োজনে বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক ব্যবসায়িক খরচের জন্য অর্থ পাঠাতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা বিশেষ এসএমই কার্ডের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা যাবে। তবে এ ক্ষেত্রেও এসএমই ফাউন্ডেশনের নিবন্ধন সনদ প্রয়োজন হবে।

এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারের অন্যান্য কর সুবিধা ও নীতি সহায়তা গ্রহণের ক্ষেত্রেও এই নিবন্ধন সনদ প্রয়োজন হতে পারে। ফলে দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নিবন্ধনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নিবন্ধন সনদ ছাড়া এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমেও অংশগ্রহণ করা যাবে না। এর মধ্যে রয়েছে জাতীয় ও আঞ্চলিক এসএমই পণ্য মেলা, সহজ শর্তে ঋণ ও ঋণ প্রস্তুতিতে সহায়তা, ব্যবসায় ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার, আন্তর্জাতিক মেলা, পণ্য রপ্তানিবিষয়ক প্রশিক্ষণ ও সহায়তা এবং Buyer-Seller Matchmaking কার্যক্রম।

অনলাইনেই করা যাবে নিবন্ধন

অনুষ্ঠানে জানানো হয়, এমএসএমই নিবন্ধনের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করা যাবে। এজন্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নিবন্ধন লিংকে প্রবেশ করে অথবা কিউআর কোড স্ক্যান করে আবেদন করা যাবে।

প্রথমে উদ্যোক্তাকে নিজের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসার তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, পণ্য বা সেবার বিবরণ, কর্মীর সংখ্যা, বার্ষিক টার্নওভারসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

সব তথ্য পূরণ করার পর ১ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করে আবেদনটি সাবমিট করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইনেই নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে।

এসএমই ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা আশা করছেন, এমএসএমই নিবন্ধনের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একটি প্রাতিষ্ঠানিক ডাটাবেজ তৈরি হবে। একই সঙ্গে নিবন্ধিত উদ্যোক্তাদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ, অর্থায়ন, বাজার সম্প্রসারণ ও রপ্তানিসহ বিভিন্ন সুযোগের সঙ্গে যুক্ত করা আরও সহজ হবে।

এমএসএমই নিবন্ধনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ জন্য ০১৭৯৯৯৫৮২৯৪, ০১৫২১৪৭২৩৬৪, ০১৭৪১০২৭২৫৩ ও ০১৪০৭২৭৭৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়েও সরাসরি যোগাযোগ করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন