ইউক্রেনের পূর্ব দিকের শহর কোস্তিয়ান্তিনিভকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। দোনেৎস্ক অঞ্চলে অগ্রযাত্রার অংশ হিসেবে দীর্ঘদিন ধরেই শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো। খবর আনাদোলুর।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীর একটি কমান্ড পোস্ট পরিদর্শনের সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ এ ঘোষণা দেন।
গেরাসিমভ পুতিনকে জানান, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বাহিনী পুরো দোনেৎস্ক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কোস্তিয়ান্তিনিভকা প্রতিরক্ষা বলয়ের অন্যতম প্রধান ঘাঁটি কোস্তিয়ান্তিনিভকা মুক্ত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে দাবি করেছে, শহরটি দখলের পর সেখানে রুশ সেনাদের জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্যও রয়েছে।
তবে ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে।
এর বাইরে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দাবির বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বা কোনো পক্ষের দাবি যাচাই করা সম্ভব হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


