চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে আবারো দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। জাহাজে পানি প্রবেশ কিংবা পরিবেশদূষণের ঘটনাও ঘটেনি। ২ জাহাজের ২১ জন ক্রু নিরাপদে রয়েছেন।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে প্রবল স্রোতের কারণে আলফা অ্যাংকরেজে প্রবেশের সময় বাল্ক ক্যারিয়ার ‘এমভি আনাসসা’ নোঙর করে থাকা ‘এমভি জাহাব জাহান’-এর সামনের অংশে সামান্য ধাক্কা দেয়। এমভি আনাসসায় স্ল্যাগ পরিবহন করা হচ্ছিল। জাহাজটিতে ২১ জন ক্রু ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এ ঘটনায় দুই জাহাজের কোনো ক্রু আহত হননি। জাহাজ দুটিতে পানি প্রবেশ বা পরিবেশদূষণেরও কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ঘটনার পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বর্তমানে বন্দরের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি সি স্পাইক’ ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল ধরে পানি প্রবেশ করে এবং সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তবে কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল পানিতে ছড়িয়ে পড়েনি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

