বেসিকটাসে নাম লিখছেন মোহাম্মদ সালাহ!

বেসিকটাসে নাম লিখছেন মোহাম্মদ সালাহ!

সৌদি আরবে পাড়ি জমানোর সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকটাসে যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহ। ১৬ বারের সুপার লিগ চ্যাম্পিয়ন এ ক্লাবের সঙ্গে মিসরীয় ফরোয়ার্ডের চুক্তি হতে এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

খ্যাতনামা ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরা ‘গোলডটকম’-কে জানিয়েছেন, সালাহ ও তার এজেন্টের সঙ্গে ইতোমধ্যে সব ব্যক্তিগত শর্তাবলিতে একমত হয়েছে বেসিকটাস। এক কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে এ চুক্তি সম্পন্ন হওয়ার পথে। বর্তমানে ক্লাবটির পরিচালনা পর্ষদ অফিসিয়াল ঘোষণার আগে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিজ্ঞাপন

লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল এবং জোর প্রচেষ্টা চালিয়েছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, ইউরোপীয় ফুটবলেই খেলা চালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছাই সালাহকে তুরস্কের ক্লাবটি বেছে নিতে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাব পাশ কাটিয়ে ইউরোপের শীর্ষ পর্যায়েই নিজের ক্যারিয়ার টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

মিসরের সাম্প্রতিক বিশ্বকাপ অভিযানে শেষ ষোলো পর্যন্ত পৌঁছাতে দারুণ ভূমিকা রেখেছিলেন সালাহ। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে তাদের স্বপ্নযাত্রা থেমে যায়, তবু পুরো টুর্নামেন্টে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন