কোমর বেঁধে নেমেছে আর্সেনাল

রিয়াল মাদ্রিদকে ছাড়ছেন ভিনিসিয়ুস?

রিয়াল মাদ্রিদকে ছাড়ছেন ভিনিসিয়ুস?

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ফ্রিতে বা বিনা ট্রান্সফার ফি হারাতে নারাজ রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ভালো করেই জানে, তাকে বিনামূল্যে হারালে লাভের চেয়ে লোকসানই হবে বহুগুণ বেশি। আর ঠিক এই সুযোগটিই কাজে লাগাতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব আর্সেনাল। খ্যাতনামা ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রিয়াল শিবিরে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। যেহেতু দুজনেই মূলত বাঁ উইংয়ে খেলে থাকেন, তাই মাদ্রিদের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জুনে। চুক্তি নবায়ন নিয়ে কয়েক মাস ধরে ক্লাব ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মধ্যে একধরনের নীরব টানাপোড়েন ও মনোমালিন্য চলছে। রিয়াল যেখানে নতুন চুক্তিতে বছরে ২০ মিলিয়ন ইউরো বা প্রায় ২৮১ কোটি টাকার প্রস্তাব দিয়েছে, সেখানে ভিনিসিয়ুসের দাবি বছরে ৩০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২১ কোটি ২৩ লাখ টাকা। এ নিয়েই চলছে দর কষাকষি। যদিও তাদের মধ্যকার সম্পর্কে প্রকাশ্য কোনো তিক্ততা নেই, তবু এই অনিশ্চয়তার সুযোগ নিতে পিছপা হচ্ছে না ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

বিজ্ঞাপন

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক বা সরাসরি আলোচনা না হলেও গানাররা প্রাথমিক খোঁজখবর নেওয়া শুরু করেছে। ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোকে বর্তমান দলবদলে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। তারা খুব ভালোভাবেই অবগত আছে যে, রিয়াল মাদ্রিদ তাদের সেরা তারকাকে কোনোভাবেই বিনামূল্যে হাতছাড়া করতে চাইবে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের তথ্য অনুযায়ী, ছুটি কাটিয়ে সোমবারই ভালদেবেবাসে অনুশীলনে ফিরবেন ভিনিসিয়ুস। সেখানে ফেরার পর চুক্তি নবায়নের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ফের আলোচনা শুরু করবেন তিনি। তবে এই আলোচনার ফল যে খুব একটা ইতিবাচক হবে না, তা অনুমান করেই আর্সেনাল তাদের পরিকল্পনা এগিয়ে রাখছে। সবমিলিয়ে ভিনিসিয়ুসের দলবদল নিয়ে আগামী দিনগুলোয় ইউরোপীয় ফুটবলে বড় কোনো চমক দেখতে পাওয়া যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন