আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনো থামেনি। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন। তবে এরই মধ্যে নিজ শহর পুজাতোতে এক খুদে ভক্তের সঙ্গে ঘটে যাওয়া একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পুজাতোতে ফিরেছেন স্কালোনি। প্রতিদিনই অসংখ্য ভক্ত তার বাড়ির সামনে ভিড় করছেন একটি ছবি বা অটোগ্রাফের আশায়। সেই ভিড়েই ছিল ছোট্ট ফ্রাঙ্কো ওতাভিয়ানি। তবে অন্যদের মতো শুধু অটোগ্রাফ নয়, সে সঙ্গে করে নিয়ে এসেছিল একটি প্রতীকী ‘চুক্তিপত্র’। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘কনট্রাটো পারা এল মুন্ডিয়াল টোয়েন্টি থার্টি’—অর্থাৎ, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। কোনো দ্বিধা না করে কাগজটিতে স্বাক্ষর করেন স্কালোনি। মুহূর্তটি ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, স্কালোনির স্বাক্ষর পাওয়ার পর খুদে ফ্রাঙ্কো ক্যামেরার দিকে তাকিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে উদ্দেশ করে বলে, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, এবার আনুষ্ঠানিকভাবে স্কালোনির চুক্তি নবায়নের দায়িত্ব এএফএর। এই সরল বার্তাই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনি বলেছিলেন, বর্তমান চুক্তি অনুযায়ী তিনি ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। সেই মন্তব্যের পর থেকেই তার থাকা-না-থাকা নিয়ে জল্পনা চলছে। যদিও এএফএ সভাপতি তাপিয়া একাধিকবার প্রকাশ্যে স্কালোনির প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাকে দায়িত্বে ধরে রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন।
অবশ্য খুদে ভক্তের হাতে স্বাক্ষর করা এই ‘চুক্তি’র কোনো আইনি মূল্য নেই। এটি ছিল নিছক আবেগের প্রকাশ। তবুও আর্জেন্টিনার সমর্থকদের কাছে ঘটনাটি যেন এক প্রতীকী বার্তা—তাদের প্রিয় কোচকে তারা অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ডাগআউটে দেখতে চান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

